পটুয়াখালী ০১ আসনের এমপি মির্জাগঞ্জে ২০২৬-২৭অর্থ বছরের বাজেট সম্পর্কিত মত বিনিময় সভা করেন
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ‘২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৫৫ বছরের সর্বোচ্চ বাজেট। এ বাজেটে ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হবে, ব্যবসা-বানিজ্যের বিস্তার ঘটবে, শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি এবং স্কুল- কলেজ, মসজিদ- মন্দিরসহ অবকাঠামোর উন্নয়ন হবে। এ বাজেটে মানুষের কল্যাণসহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।’ এ সকল উন্নয়ন কার্যক্রমে সকল নাগরিকের সার্বিক সহযোগীতা করার আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এ সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করার এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন