সিরাজগঞ্জে আদিল আকিল ইকো রিসোর্টের সুইমিং পুলের শুভ উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙ্গাবাড়ী দক্ষিণ পাড়ায় অবস্থিত আদিল আকিল ইকো রিসোর্টের আধুনিক সুইমিং পুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে এ সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খাদেমের পুলের উত্তর পাশে অবস্থিত রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. খালেকুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইমিং পুলের উদ্বোধন করেন সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. নুরুল আমীন খান। প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আমীন খান বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে শিশু-কিশোর ও তরুণদের সাঁতার শেখার জন্য মানসম্মত সুইমিং পুলের সংখ্যা খুবই সীমিত। এমন একটি উদ্যোগ শুধু বিনোদনের ক্ষেত্রই নয়, সাঁতার শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মো. খালেকুজ্জামান খান দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এই সুইমিং পুল নির্মাণ করেছেন, যেখানে স্কাউট সদস্যদের জন্য বিনামূল্যে সাঁতার শেখার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের জন্য সাঁতার জানা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা। এ কারণে নতুন প্রজন্মকে সাঁতারে দক্ষ করে তুলতে এই উদ্যোগ প্রশংসার দাবিদার। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্যও এখানে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সিমেন্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ মো. শামছুল আলম খান এবং বিশিষ্ট চাকরিজীবী মো. আতিকুর রহমান পাপ্পু। এ সময় খালেকুজ্জামান খানের পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাঁচ বছরের ঊর্ধ্বে শিশু থেকে শুরু করে সব বয়সী আগ্রহীরা এখানে সাঁতার শেখার সুযোগ পাবেন। রিসোর্টের মনোরম পরিবেশ, আধুনিক সুইমিং পুল ও শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট