ভূমি অফিস থেকে দালাল হাতেনাতে আটক
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে এক দালালকে হাতেনাতে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত দালালের নাম মোঃ বাবলু হাসান (২৮)। সে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাগবাড়ির মোশাররফ হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি অফিসে এসে জনগণের সাথে প্রতারণা করার অভিযোগে এই সাজা প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবলু হাসান দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অবৈধভাবে প্রবেশ করে দালালি করে আসছিল। অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে সে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করত। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার কাছে একাধিকবার মৌখিক অভিযোগও করেন। এরপর প্রশাসন থেকে তাকে ডেকে কয়েকবার সতর্ক করা হলেও সে তা কর্ণপাত করেনি। আজ রবিবার সকালে আবারো ভূমি অফিসে এসে একই কাজ করার সময় তাকে হাতেনাতে আটক করে এই দণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সেবাবান্ধব করতে এই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন