টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ পরিদর্শনে নাইক্ষ্যংছড়ি ইউএনও এনামুল হাসান

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ পরিদর্শনে নাইক্ষ্যংছড়ি ইউএনও এনামুল হাসান
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় জনদুর্ভোগে পড়া মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি তদারকিতে মাঠে সক্রিয় রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। রবিবার (১২ জুলাই) সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের আদর্শগ্রাম বিজিবি চেকপোস্ট এলাকায় গলা সমান পানি জমে যায়। এতে দীর্ঘ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

একই দিনে ইউএনও এনামুল হাসান সরেজমিনে গিয়ে জারুলিয়া ছড়ি খালের ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজের মেরামত কাজ এবং বিদ্যুৎ বিভাগের ক্ষতিগ্রস্ত খুঁটি মেরামতের কার্যক্রম পরিদর্শন করেন। বৈরী আবহাওয়া ও গলা সমান পানি উপেক্ষা করে তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশনা দেন। এদিকে টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যানপাড়া, নাইক্ষ্যংছড়ি বাজার, আদর্শগ্রাম সড়ক, আশারত কম্বুনিয়া, জারুলিয়া ছড়িসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মানুষের খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশারতলী, কম্বুনিয়া ও বিচামারা এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান সাংবাদিকদের বলেন, সকালে জারুলিয়া ছড়ি ব্রিজের চলমান মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি, যাতে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা যায়। বিকেলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীকালও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি