কুমিল্লায় রথযাত্রায় ‘বিবেক’-এর ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন: প্রশংসায় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় রথযাত্রায় ‘বিবেক’-এর ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন: প্রশংসায় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে কুমিল্লায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে মানবিক সংগঠন ‘বিবেক’। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর ঐকান্তিক আগ্রহ ও প্রতিষ্ঠিত এই সংগঠনের উদ্যোগে রথযাত্রায় আগত হাজারো পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বর্ণাঢ্য ও নান্দনিক সব সেবামূলক ব্যবস্থা। ​রথযাত্রার মূল পথজুড়ে পুণ্যার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও ফলমূল বিতরণের পাশাপাশি ভক্তদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এবারই প্রথম যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সুবিধা। প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর দিকনির্দেশনায় আয়োজক সংগঠনটি এবার রথযাত্রা উপলক্ষে নির্মাণ করেছে দৃষ্টিনন্দন আধুনিক প্রবেশদ্বার (গেট) এবং বিশাল টেন্টের ছাউনি। ভক্তদের বিশ্রাম ও কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার কন্ডিশন্ড) স্টেজ এবং বিশাল আকৃতির এলইডি ডিসপ্লে। পুরো এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল ও নান্দনিক আলোকসজ্জায়, যা উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবে আগত মানুষের ক্লান্তি লাঘব করা এবং তাদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কুমিল্লার রথযাত্রার ইতিহাসে এত বড় পরিসরে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন সমন্বিত সেবামূলক আয়োজন এবারই প্রথম বলে দাবি করছেন আয়োজকরা। ​এদিকে, প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর এমন মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রথযাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থী ও ভক্তরা। তাদের মতে, প্রশাসক হিসেবে দায়িত্বরত থেকে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও জনসেবার এমন মেলবন্ধন কুমিল্লার দীর্ঘদিনের সামাজিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। উৎসবের আবহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সেবামূলক এই আয়োজন স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ