রাজাবাড়ী কলেজে অধ্যক্ষের বরখাস্ত নিয়ে ক্ষোভ, মুখ খুললেন শিক্ষার্থীরা

রাজাবাড়ী কলেজে অধ্যক্ষের বরখাস্ত নিয়ে ক্ষোভ, মুখ খুললেন শিক্ষার্থীরা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সেলীম রেজাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বরখাস্তের সিদ্ধান্তকে বিধিবহির্ভূত দাবি করে তা প্রত্যাহারের পাশাপাশি কলেজের সার্বিক অনিয়ম, শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও প্রকাশ্যে তুলে ধরেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি রাজাবাড়ী হাট এলাকায় আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা অধ্যক্ষ মো. সেলীম রেজার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, কলেজের গভর্নিং বডির কয়েকজন সদস্য এবং কিছু শিক্ষকের সহযোগিতায় অধ্যক্ষকে দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। তাদের দাবি, যথাযথ তদন্ত ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ না করে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, অধ্যক্ষের সাময়িক বরখাস্তের বিষয়টি শুধু একজন ব্যক্তির পেশাগত জীবনের সঙ্গে সম্পর্কিত নয়; এর প্রভাব পড়ছে কলেজের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশের ওপরও। দীর্ঘদিন ধরে বিষয়টির সুরাহা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষকদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজের কয়েকজন শিক্ষকের নিয়মিত ক্লাস না নেওয়া, নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত না থাকা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তুলে ধরেন। তাদের প্রশ্ন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই যদি দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে, তাহলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কে দেখবে? শিক্ষার্থীদের দাবি, কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষকদের উপস্থিতি, ক্লাস গ্রহণের নিয়মিততা এবং প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়গুলোও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়দের বক্তব্য, অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন, বিধিবিধান ও যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। অভিযোগ প্রমাণিত না হলে তাকে দ্রুত স্বপদে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত স্বার্থের দ্বন্দ্বের কারণে অস্থিতিশীল হয়ে উঠুক, তা তারা চান না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে আয়োজকরা অধ্যক্ষের সাময়িক বরখাস্তের আদেশ পুনর্বিবেচনা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং কলেজের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এখন যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের পেছনে সুনির্দিষ্ট কারণ কী? বরখাস্তের আগে গভর্নিং বডির সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না? শিক্ষকদের বিরুদ্ধে ক্লাস ফাঁকি ও প্রতিষ্ঠানে অনুপস্থিতির অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন শিক্ষার্থীরা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন