আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার , সামারি ট্রায়ালে কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়। পরে আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আদালত। গতকাল (শনিবার), রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন , উপজেলার হারদী শেখপাড়া এলাকার মৃত মন্টু শেখের ছেলে সম্রাট শেখ (২৮), আনন্দধাম এলাকার কালুর ছেলে জীবন আলী (২৪), বাঁশবাড়িয়া গ্রামের জিয়ারুল হক (৫২), হাসান আলী (৩৮), তারিকুল ইসলাম (৫০) এবং পরিমল কুমার বিশ্বাস (৫০)। পুলিশ জানায় , আলমডাঙ্গা থানার এসআই (নি.) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে প্রথম অভিযানে পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে উপজেলার হারদী শেখপাড়া এলাকার মৃত মন্টু শেখের ছেলে সম্রাট শেখকে (২৮) আটক করে। এ সময় তার কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
রবিবার তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , প্রথম আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড , দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর অভিযানে এসআই (নি.) মো. শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আনন্দধাম এলাকা থেকে কালুর ছেলে জীবন আলীকে (২৪) গাঁজা সেবনের সময় আটক করে। পরে তাকে আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই রাতে এসআই (নি.) মো. রইচ উদ্দীনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে জিয়ারুল হক (৫২), হাসান আলী (৩৮), তারিকুল ইসলাম (৫০) ও পরিমল কুমার বিশ্বাসকে (৫০) ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে চার পুরিয়া গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
রবিবার চার আসামিকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , প্রথম আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি , বহন , সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রানা আহমেদ