কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর  রুকন সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ জুলাই-২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, "একজন রুকন শুধু সংগঠনের সদস্য নন, তিনি ইসলামী আন্দোলনের আদর্শিক কর্মী। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে প্রত্যেক রুকনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন। তিনি সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং দাওয়াতি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সামাদ। তিনি রুকনদের নৈতিকতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক রুকন উপস্থিত ছিলেন। বক্তারা দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতার জন্য ঐক্য, আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। সম্মেলনের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ