সিরাজগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ

সিরাজগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান। উপজেলা নির্বাহী মামুন খান শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, শৃঙ্খলা এবং প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, মল্লিকা ছানাউল্লা আনসারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আতিকুর রহমান। উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে ৪টি ক্যাটাগরিতে মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ৯টি করে পুরস্কার প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট