আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ির বিশাল চালান আটক, বিজিবির অভিযানে জব্দ ২ গাড়ি!

আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ির বিশাল চালান আটক, বিজিবির অভিযানে জব্দ ২ গাড়ি!
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় আড়াই কোটি টাকার বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ির একটি বিশাল চালান এবং পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোরে ও সকালে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব মালামাল ও যানবাহন আটক করা হয়। ​বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত কঠোর নজরদারির অংশ হিসেবে ২১ জুলাই ২০২৬ তারিখ ভোর সাড়ে ৪টা এবং পৌনে ৮টায় ১০ বিজিবি’র অধীনস্থ গীতাবাড়ি বিওপি ও কমুয়া বিওপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। ​প্রথম অভিযান: ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কামাল্লা’ নামক স্থানে এই অভিযান চালায়। ​দ্বিতীয় অভিযান: ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির টহলদল সীমান্ত থেকে ১০০ গজ ভেতরে ‘পৈথরা’ নামক স্থানে অপর সফল অভিযানটি পরিচালনা করে। ​বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং এগুলো বহনের কাজে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত শাড়ি ও যানবাহনগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লক্ষ ৭০ হাজার টাকা। ​সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত মালামালগুলো প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ