আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, সামারি ট্রায়ালে কারাদণ্ড টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের ১৫ দিনের সাজা, ১৫ পিস ইয়াবাসহ আরও আটক ১

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, সামারি ট্রায়ালে কারাদণ্ড  টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের ১৫ দিনের সাজা,  ১৫ পিস ইয়াবাসহ আরও আটক ১
ছবিঃ রানা মেজবাহ

দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজন এবং ১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক দুইজনকে সামারি ট্রায়ালে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এদিকে ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (সোমবার), রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন , ঘোষবিলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদ আহম্মেদ (২৭) , পান্না আলীর ছেলে রানা হামিদ (২১) এবং ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামের জুমাত আলীর ছেলে সুজন আলী (২৮)।

পুলিশ জানায় , আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলীর নেতৃত্বে ঘোষবিলা এলাকায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে রাশেদ আহম্মেদ ও রানা হামিদকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। মঙ্গলবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , প্রথম আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড , ২০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অন্যদিকে হাটবোয়ালীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রইচ উদ্দীনের নেতৃত্বে বড়বোয়ালিয়া মিলবাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি , উদ্ধার হওয়া ইয়াবা বিক্রি , সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে আরও দুইজন সহযোগী এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক বিক্রি , বহন , সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

দৈনিক বিজয় নিউজ/ রানা মেজবাহ