সিরাজগঞ্জে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, হুইলচেয়ার ও গাছ বিতরণ

সিরাজগঞ্জে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, হুইলচেয়ার ও গাছ বিতরণ
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, হুইলচেয়ার, শুকনা খাবার ও বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ বাস্তবায়ন করে লায়ন্স ক্লাব অব ঢাকা রেজেন্সি ও লিও ক্লাব অব ঢাকা রেজেন্সি। শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, লায়ন্স ক্লাব অব ঢাকা রেজেন্সি এবং লিও ক্লাব অব ঢাকা রেজেন্সির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমরান হাসমীর উদ্যোগে অনুষ্ঠানে ১০০ জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহারসামগ্রী তুলে দেন বাংলাদেশ পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন্স শফিকুল আজম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা রেজেন্সির প্রেসিডেন্ট সালমা সুলতানা মুন্নি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা খাতুন, সহকারী শিক্ষিকা বিথী সাহাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

সভায় সালমা সুলতানা মুন্নি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের কখনো অবহেলা করা যাবে না; বরং স্বাভাবিক মানুষ হিসেবে সম্মান দিয়ে শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। তিনি বলেন, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজ শিক্ষা উপকরণ, হুইলচেয়ার ও গাছ বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স শফিকুল আজম ভূঁইয়া বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। অটিজম বা প্রতিবন্ধিতা সেই প্রতিভা বিকাশের পথে বাধা হতে পারে না। উপযুক্ত সুযোগ ও সহায়তা পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তিনি বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, স্বীকৃতি পেলে প্রতিষ্ঠানটি আরও কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব ঢাকা রেজেন্সির পক্ষ থেকে ভবিষ্যতেও বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য- কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, ৯ প্রকার খাদ্যসামগ্রী বিতরণ, তিনজন শিক্ষার্থীকে হুইলচেয়ার প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট