কৃষিনির্ভর একটি জেলা সাতক্ষীরা। চিংড়ি ও মিষ্টির পাশাপাশি কুল, ওল, হলুদ এবং আমের জন্য সমৃদ্ধ

মালটা চাষে আশীর্বাদ সাতক্ষীরার মাটি

কৃষিনির্ভর একটি জেলা সাতক্ষীরা। চিংড়ি ও মিষ্টির পাশাপাশি কুল, ওল, হলুদ এবং আমের জন্য সমৃদ্ধ

কৃষিনির্ভর একটি জেলা সাতক্ষীরা। চিংড়ি ও মিষ্টির পাশাপাশি কুল, ওল, হলুদ এবং আমের জন্য সমৃদ্ধ এ জেলায় এখন মালটা চাষেও বেশ সুখ্যাতি অর্জন করেছে কৃষকরা। আম চাষের পর এবার মালটা চাষেও সফলতার মুখ দেখছেন সাতক্ষীরার নুরুল আমিন। আশাশুনি উপজেলার বাহাদুরপুরে ২০ বিঘা জমিতে মালটা চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। তার দেখাদেখি সাতক্ষীরায় দিন দিন মালটা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা নুরুল আমিন গেল তিন যুগেরও বেশি সময় ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন কৃষি কাজের সঙ্গে। ২০০৫ ও ২০১০ সালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। মালটার চাষ কৌশল দেখতে বিভিন্ন জায়গার সাধারণ কৃষক প্রতিনিয়তই ভিড় জমাচ্ছে তার বাগানে।

কৃষক নুরুল আমিনের মালটা ক্ষেতে যে দিকেই চোখ যায় সেদিকেই দেখা যাবে থোকায় থোকায় সবুজ মালটা। এবার বাম্পার ফলনও হয়েছে তার গাছে। সাধারণত দুই থেকে তিন বছরেই মালটা গাছে পরিপূর্ণ ফল আসে। নুরুল আমিন পাইকারি দরে মালটা বিক্রয় করছেন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। বিঘা প্রতি এক লাখ টাকা মাল্টা বিক্রি করেছেন। এতে তিনি অর্থনৈতিকভাবে বেশ লাভবান হয়েছেন। তার বাগানের মালটার আকার এবং রং বেশ সুন্দর। স্বাদও চমৎকার। নুরুল-আমিনের এই সাফল্যে সাতক্ষীরার মাটিতে মালটা চাষে আশাবাদী হয়ে উঠেছেন কৃষি কর্মকর্তারা।

নুরল আমিন জানান, আগামীতে আমের মতো মালটা চাষেও সাতক্ষীরা সুনাম অর্জন করবে। তিনি মালটা চাষের প্রয়োজনীয় প্রশিক্ষণ কৃষি অফিস ও ইউটিউব থেকে পেয়েছেন। যে কোনো ধরনের মাটিতেই মালটা চাষ করা সম্ভব। ৮ থেকে ১০ ফুট দূরত্বে চারাগাছ রোপণ করতে হয়। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই মাল্টা চারা রোপণের উপযুক্ত সময়। চারার দামও কম। মাত্র ৫০ থেকে ১০০ টাকায় চারা পাওয়া যাচ্ছে। তিনি নিজেও চারা বিক্রি করছেন। মালটার পাশাপাশি বিদেশি কিছু ফলের চাষ ও চারা তৈরি শুরু করেছেন নুরুল আমিন। এর মধ্যে সূর্যডিম আম, পারসিমন, ডুরিয়ান, রামবুটান, অ্যাভো-ক্যাডোসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক মো. নূরুল ইসলাম জানান, মালটা লাভজনক একটি ফসল। জেলার মাটি ও আবহাওয়া একটু লবণাক্ত হওয়াতে সাতক্ষীরা অঞ্চলের মালটা খুবই মিষ্টি। এর মধ্যে বারি মালটা-১ এর মিষ্টতা সবচেয়ে বেশি। সাতক্ষীরা জেলায় ৬১ হেক্টর জমিতে এবার মালটার আবাদ হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি