রাজশাহী রুয়েটে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহী রুয়েটে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহীর রুয়েট ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় রুয়েটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ (সুইট)। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণ সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ সমাজকে এ কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের কো-ডাইরেক্টর (গবেষণা) প্রফেসর ড. মো. আখতার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী জেলার আহ্বায়ক মো. শফিকুল আলম সমাপ্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত  মো. সাইফুল ইসলাম হীরক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মিজানুর রহমান এবং জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে এবং প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ, রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, কর্মসূচিটি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি আলহাজ কাজী মো. কামরুজ্জামান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান