নওগাঁয় জমি নিয়ে বিরোধ, যুবদল নেতার হাতের কব্জি কাটলো আওয়ামী লীগ কর্মী

নওগাঁয় জমি নিয়ে বিরোধ,  যুবদল নেতার হাতের কব্জি কাটলো আওয়ামী লীগ কর্মী
ছবি: মোঃ রমজান হোসেন

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। অভিযোগ, প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে তাঁর বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আহত নেতার পাশাপাশি তাঁর মাও আহত হয়েছেন। দুজনই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসান রমন (৪২) স্থানীয়ভাবে ইউনিয়ন যুবদলের সহসভাপতি হিসেবে পরিচিত। মামলায় অভিযুক্ত মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগম একই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, মিজানুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তাঁর স্ত্রী ওই ওয়ার্ডের সভানেত্রী।

স্থানীয় সূত্র জানায়, জমির সীমানার আইল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে মিজানুর রহমানের হাসুয়ার কোপে হাসান রমনের বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মা বিউটি বেগমও আহত হন। আহতের বাবা ও মামলার বাদী দুদু মিয়া অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে অভিযুক্ত মিজানুর রহমান দাবি করেন, জমির আইল কেটে ফেলাকে কেন্দ্র করে হাসান রমনসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁর হাতে থাকা ঘাস কাটার হাসুয়া ধস্তাধস্তির সময় আঘাত করে, এতে হাসানের হাতের কব্জি কেটে যায় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনায় মামলা দায়েরের পর প্রধান দুই আসামি মিজানুর রহমান ও আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন