জয়পুরহাট টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-১৩ জয়পুরহাট ডোমেইনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের কর্মকৌশল নির্ধারণী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৩ আগষ্ট জয়পুরহাটের নবীনগর রিসোর্স ফ্রেন্ডে আয়োজিত এ কর্মশালায় সংস্থার শাখা, রিজিওন পর্যায়ের কর্মকর্তা ও জোন প্রধানগন অংশ নেয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল, বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়। টিএমএসএস’র অপারেশন-১৩ জয়পুর ডোমেইন প্রধান, সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস’র নির্বাহী উপদেষ্টা মো. আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস'র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, অপারেশন এন্ড আইটি পরিচালক মো. মাহাবুবর রহমান ও পরিচালক মোঃ রেজাউল করিম প্রমুখ।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এবং টিএমএসএস'র উপদেষ্টা আয়শা বেগম। জয়পুরহাট ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জয়পুরহাট ডোমেইনের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানের মূল আলোচক টিএমএসএস'র সেক্টর প্রধান  উপনির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ডোমেইনের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সততা, ন্যায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে সংস্থাটি দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি তরুণ উদ্যোক্তা তৈরিতে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি টিএমএসএস’র বিভিন্ন সেবামূলক কার্যক্রম আরও কার্যকর করতে নতুন নতুন কৌশল গ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার উপর গুরুত্বারোপ করেন। দলভিত্তিক আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পান। সভায় জানানো হয়, কর্মকর্তাদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে, যাতে টিএমএসএস’র উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ হয়। অনুষ্ঠানে আই টি পরিচালক মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের আইটি বিষয়ে দক্ষতা অর্জন করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে জয়পুরহাট ডোমেইনের ৪ জন জোন প্রধান, ১৩ জন রিজিয়ন প্রধান, ৭৩ জন শাখা প্রধান ও উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব মেহেদী আল পারভেজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার শেষে বিভিন্ন শাখার সন্তোষজনক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ী জোন প্রধান মোঃ দেলোয়ার হোসেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান