কুমিল্লা, বুড়িচং, ময়নামতি: মানবিক-সামাজিক কল্যাণ, স্বেচ্ছায় রক্তদান, গরিব মানুষের সেবা ও মাদকবিরোধী প্রতিবাদের পর এবার শিশুদের খেলাধুলায় পাশে দাঁড়াল 'জাগ্রত বিবেক'
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ৩৪টি গ্রামের মানুষের সুখে-দুখে, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তীব্র সামাজিক প্রতিবাদ ও নানামুখী কল্যাণমূলক কর্মসূচি পালনের মাধ্যমে আলো ছড়িয়ে যাচ্ছে অরাজনৈতিক মানবিক সংগঠন 'জাগ্রত বিবেক'। এলাকার কিছু নিবেদিতপ্রাণ তরুণ, প্রবাসী ভাই, ছাত্রসমাজ, ব্যবসায়ী এবং সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার গুণী মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির কার্যক্রম কেবল একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য। মুমূর্ষু রোগীর প্রয়োজনে তাৎক্ষণিক রক্তদান থেকে শুরু করে গরিব পরিবারের পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগানো, অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়তা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান—সবক্ষেত্রেই 'জাগ্রত বিবেক' এক অনন্য উদাহরণ সৃষ্টি করে চলেছে।
এই ধারাবাহিক মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজেরই অংশ হিসেবে, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার পাশাপাশি সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হরিন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ও ফুটবল তুলে দেওয়া হয়েছে। গ্রামের ছোট্ট সোনামনিরা যেন খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে, আনন্দ নিয়ে প্রতিদিন হাসিমুখে স্কুলে যেতে পারে এবং নিজেদের শৈশবকে সুন্দরভাবে উপভোগ করতে পারে—সেটিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এতিমখানা থেকে শুরু করে প্রতিটি প্রান্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের যেকোনো প্রয়োজনে অতীতেও এই সংগঠনটি পাশে ছিল, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সংগঠনটির সাথে জড়িতরা জানান, বড় কোনো আয়োজন নয়, বরং সমাজের অবহেলিত মানুষের পাশে একটু একটু করে দাঁড়ানোর মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালো উদ্যোগগুলোই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এই অরাজনৈতিক সংগঠনে সমাজের সকল উদার ও মানবিক হৃদয়ের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসুন, সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজের সাথে যুক্ত হই এবং মানবতার কল্যাণে সবসময় মানুষের পাশে দাঁড়াই।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ