তিন জেলার মোহনায় নিরাপদে মাদক ব্যবসা পরিচালনাকারী ইমাদুল গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর—এই তিন জেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মাদক ও সন্ত্রাসী নেটওয়ার্কের প্রধান হোতা, দক্ষিণ বঙ্গের শীর্ষ মাদক কারবারি ইমাদুল হক (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) একটি বিশেষ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আলমডাঙ্গা উপজেলার কেশবপুর, লক্ষ্মীপুর, প্রাগপুর ও ওসমানপুর গ্রামসহ হাটবোয়ালিয়া, বড়বোয়ালিয়া, আসাননগর ও মানিকদিয়া এলাকার মাদক করিডোর নিয়ন্ত্রণ করছিলেন ইমাদুল ও তার সহযোগীরা। একাধিক অভিযানে খুচরা বিক্রেতা ও মাদকসেবীরা ধরা পড়লেও অধরা ছিলেন এই কথিত গডফাদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাকে আটক করা হয়েছে। ইমাদুল গ্রেপ্তারের খবরে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ও চরমপন্থী সন্ত্রাসী চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ ইডি