শিশু অপহরণের অভিযোগে জনতার হাতে নারী আটক মির্জাগঞ্জে শিশুকে গাড়িতে তোলার সময় কান্নাকাটি, স্থানীয়দের তৎপরতায় একজন আটক
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় শিশু অপহরণের অভিযোগে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় শিশুটিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার রানীপুর এলাকায় খলিফা বাড়ির সামনে শিশু জাহিদ, পিতা—জয়নাল খন্দকার, সাং—মেন্দিপাড়া,কে একটি চক্র অপহরণের চেষ্টা করে। শিশুটিকে গাড়িতে তোলার সময় সে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি টের পান। পরে সাইম হাওলাদার নামে এক ব্যক্তি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই চক্রের এক নারী সদস্যকে আটক করতে সক্ষম হন। আটক নারীর বাড়ি বরিশালের চরকাউয়ানিয়া এলাকায় বলে জানা গেছে। স্থানীয়রা তাকে অপহরণের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অনীহা প্রকাশ করেন বলে জানা যায়। এ সময় চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী