দ্বন্দ্ব - এস এম এম আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
দ্বন্দ্ব - এস এম এম আকাশ
এলোমেলো জীবনটা গুছিয়ে নিতে নিতেই,
মৃত্যু এসে দরজায় দাঁড়ায়—
“সময় তো ফুরিয়ে এলো… এবার তো যেতে হবে।”
আমি দরজা বন্ধ করে বলি—
“না, এখনো নয়।
আমার ভেতরে এখনো বেঁচে থাকার ক্ষুধা আছে,
এখনো কিছু স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না,
এখনো একজন মানুষকে সম্পূর্ণরূপে ভালোবাসা শেষ হয়নি।”
মৃত্যু হেসে বলে—
“তোমার ‘এখনো’ শব্দটাই তোমার সবচেয়ে বড় মিথ্যা।
মানুষ সারাজীবন ভাবে—
আর একটু পরে বাঁচব, আরেকটু পরে ভালোবাসব,
আরেকটু পরে সব গুছিয়ে নেব।
অথচ ‘পরে’ নামের কোনো সময় আমার কাছে নেই।”
আমি চুপ হয়ে যাই,
কারণ জীবনের কাছে আমার হাজারটা অজুহাত,
কিন্তু মৃত্যুর কাছে আমার কোনো যুক্তি নেই।
জীবন আমাকে প্রতিদিন বলে—
“থাকো।”
মৃত্যু প্রতিরাতে এসে বলে—
“চলো।”
একদিকে রক্তের ভেতর বেঁচে থাকার উন্মত্ততা,
অন্যদিকে নিঃশব্দ অন্ধকারের অহরর্নিশি ডাক।
আমি দাঁড়িয়ে আছি ঠিক মাঝখানে—
এক হাতে জীবন, অন্য হাতে মৃত্যু,
সবচেয়ে নির্মম সত্যটা জানো?
মৃত্যুকে আমি ভয় পাই না,
ভয় পাই—
মরে যাওয়ার আগে যদি বার বার মৃত্যু হয় আমার,
কারণ জীবন একদিন থেমে যাবে,
শ্বাস একদিন নিঃশেষ হবে,
শরীর একদিন মাটির কাছে ফিরে যাবে—
কিন্তু আত্ম দ্বন্দ্বের যে আগুনটা
আমার ভিতর মৃত্যুর আগ পর্যন্ত জ্বলবে,
সেটাকে কীভাবে নিভিয়ে নিয়ে যাবে মৃত্যু?
হয়তো শেষ মুহূর্তে,
মৃত্যু আবার এসে বলবে—
“এবার সত্যিই যেতে হবে।”
আর আমি শেষবারের মতো আমার জীবনের দিকে তাকিয়ে বলব—
“জীবন আমাকে রাখতে পারেনি,
মৃত্যু আমাকে সম্পূর্ণ নিতে পারবে না—
কারণ আমি আমার কিছুটা অংশ
বহমান জীবনের কাছে রেখে যাচ্ছি।”
তারপর হয়তো আমি চলে যাব।
কিন্তু দ্বন্দ্বটা থেকে যাবে—
জীবন হেরে যাবে মৃত্যুর কাছে,
আর মৃত্যু হেরে যাবে হয়তো ,
আমার রেখে যাওয়া কিছু কর্মের কাছে!
মোছাঃ নুসরাত লাখী
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত,
ফরিদপুর।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ