বাউফলে ৩টি গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ

বাউফলে ৩টি গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনে মাদক চাষের অপরাধে ৩টি বিশালাকৃতির গাঁজাগাছ উদ্ধারসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাউফল থানা উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ​আটক ইউসুফ খান ওই এলাকার আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ খানের ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফকে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ স্বীকার করলে তাঁর তথ্যের ভিত্তিতে বসতঘরের পেছন থেকে চাষ করা ৩টি গাঁজাগাছ শনাক্ত ও জব্দ করা হয়।

​স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা জানান, এলাকায় গাঁজাচাষের বিষয়টি বেশ কিছুদিন আগেই তাঁদের নজরে আসে। সত্যতা নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে বিষয়টি বাউফল থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে তারা পুলিশের সঙ্গে সরাসরি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত ছিলেন বলে জানান বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ৩টি গাঁজাগাছ উদ্ধার এবং মূল জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক ইউসুফ খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী