চাঞ্চল্যকর কিশোরী হত্যা: ফরিদা বিদায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুলকে হত্যার পর সিএনজি ফেলে পলায়ন, চট্টগ্রাম থেকে প্রধান অভিযুক্ত চালক সুমন গ্রেপ্তার

চাঞ্চল্যকর কিশোরী হত্যা: ফরিদা বিদায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুলকে হত্যার পর সিএনজি ফেলে পলায়ন, চট্টগ্রাম থেকে প্রধান অভিযুক্ত চালক সুমন গ্রেপ্তার
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার লালমাইয়ে ফরিদা বিদায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৫ বছর বয়সী জান্নাতুলকে অত্যন্ত নৃশংস ও চাঞ্চল্যকরভাবে হত্যার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

​চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্য ও বিবরণ:

নিহত কিশোরী জান্নাতুল যশোর সদর উপজেলার আব্দুল আলিমের মেয়ে। তার বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জান্নাতুল কুমিল্লা নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদা বিদায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাকে প্রতিদিন নিয়মিত সিএনজি অটোরিকশায় করে যাতায়াত বা বহন করত চালক সুমন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই স্কুলছাত্রীকে সিএনজিতে করে নেওয়ার সময় সুকৌশলে তাকে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেতের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পাশবিক নির্যাতন ও নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ড সংঘটিত করার পর ঘাতক সুমন তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ঘটনাস্থলের পাশেই পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় এবং আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে ওই কিশোরীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ও গ্রেপ্তার:

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে এবং অবশেষে চট্টগ্রাম নগরী থেকে মূল অভিযুক্ত সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাকে নিয়ে পুলিশ কুমিল্লার পথে রয়েছে এবং কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ