রাজশাহীতে টেনিসে চীনের আধিপত্য

রাজশাহীতে টেনিসে চীনের আধিপত্য
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীতে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। মেয়েদের একক ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন চীনের চার খেলোয়াড়। তাঁরা হলেন—সিয়ান জিয়ান, জেনসি ডং, জিমো সঙ ও জিকান ইয়াং। বুধবার (৭ অক্টোবর) মেয়েদের একক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে চীনের জিকান ইয়াংয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার। প্রায় তিন ঘণ্টার টানটান লড়াইয়ের পর তৃতীয় সেটের টাইব্রেকারে ম্যাচটি হারেন সম্প্রতি জাতীয় মহিলা জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হওয়া সুমাইয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সুমাইয়ার এই লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। শেষ পর্যন্ত জয় না পেলেও তাঁর পারফরম্যান্স বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের সামর্থ্যের পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেয়েদের একক ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। চার চীনা খেলোয়াড়ের মুখোমুখি লড়াইয়ে ফাইনালে ওঠার প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে। ফলে মেয়েদের এককে শিরোপার লড়াইয়ে চীনা খেলোয়াড়দের আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে ছেলেদের রাউন্ড রবিন পর্বের খেলা শেষ হয়েছে। আটটি গ্রুপের চ্যাম্পিয়ন আট খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা হলেন - থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল, চাইনিজ তাইপের চেন জি চেন, চীনের ফ্যাং টিয়ানি ও জু লিমো, ভারতের শিব মোহন ও জাগ্রুত কাচিরেন্ডি, জাপানের তানি রিউমা এবং হংকংয়ের লোক চুন কিউ। বৃহস্পতিবার থেকে ছেলেদের কোয়ার্টার ফাইনালের খেলাও শুরু হবে। ফলে শেষ আটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে আশা করছেন আয়োজকেরা। টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, এবারের আসরে শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। অনেক ম্যাচের ফল নির্ধারণে খেলোয়াড়দের তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত কোর্টে থাকতে হচ্ছে। এতে বোঝা যায়, প্রতিযোগীরা কেউ কাউকে সহজে ছাড় দিতে চাইছেন না।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের সুমাইয়া আক্তার ও চীনের জিকান ইয়াংয়ের ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রায় তিন ঘণ্টা ধরে দুই খেলোয়াড় সমানতালে লড়েছেন। শেষ সেটের টাইব্রেকারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।’

জয় মুখার্জী বলেন, এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তরুণ খেলোয়াড়দের দক্ষতা, ধৈর্য, শারীরিক সক্ষমতা এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের খেলার মান উন্নয়নের পাশাপাশি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক এই আসর ঘিরে রাজশাহীতে টেনিসপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন