কুমিল্লায় চলন্ত বাসে নবজাতকের জন্ম; যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মানবিকতায় প্রশংসার জোয়ার

কুমিল্লায় চলন্ত বাসে নবজাতকের জন্ম; যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মানবিকতায় প্রশংসার জোয়ার
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের ভেতরেই এক প্রসূতি মা ফুটফুটে এক নবজাতকের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এই অভাবনীয় ও মানবিক ঘটনাটি ঘটে। বাসের যাত্রী, চালক, স্টাফ এবং স্থানীয় হাসপাতালের নার্সদের তাৎক্ষণিক সহযোগিতায় মা ও নবজাতক দুজনেই নিরাপদে রয়েছেন।

​জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই নারী কুমিল্লাগামী আইদি পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি জগৎপুর বাজার পার হওয়ার পর ওই নারীর স্বামী চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার তথ্য জানান।

​তবে কিছুক্ষণ পর বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর তীব্র প্রসবব্যথা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে তাঁর স্বামী চালককে দ্রুত বাস থামানোর অনুরোধ জানান। বিষয়টি বুঝতে পেরে বাসের সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালে খবর দেন।

​হাসপাতাল থেকে নার্সরা দ্রুত বাসে ছুটে এসে দেখেন, প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরপর বাসের ভেতরেই অত্যন্ত সতর্কতা ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে ওই নারী নিরাপদে সন্তান প্রসব করেন। চলন্ত বাসে এমন নিরাপদ প্রসবের খবরে উপস্থিত যাত্রীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

​এদিকে, প্রসূতি মায়ের নিরাপত্তার স্বার্থে বাসটি দীর্ঘ সময় বিজরা বাজারে দাঁড়িয়ে থাকে। এতে যাত্রায় কিছুটা বিলম্ব হলেও মানবিক দিক বিবেচনায় যাত্রীদের অনুরোধে চালক ও স্টাফরা ধৈর্য ধরে অপেক্ষা করেন। পরবর্তীতে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প আরেকটি বাসের ব্যবস্থা করে অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।

​একজন মায়ের চরম সংকটময় মুহূর্তে সহযাত্রীদের সম্মিলিত প্রচেষ্টা, নার্সদের দ্রুত সেবা এবং আইদি পরিবহনের চালক-স্টাফদের এমন মানবিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ