শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি রফিকুল ইসলাম বাচ্চু
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির পর তাঁদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। কোনোভাবেই বাড়িভাড়া বৃদ্ধি না করার জন্য শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বাড়ির মালিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বেড়ে যেতে পারে—এমন আশঙ্কা তাঁদের মধ্যে তৈরি হয়েছে। এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। তাই কোনো অবস্থাতেই বাড়িভাড়া বৃদ্ধি করা যাবে না।
শিল্পাঞ্চলে চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়েছে। এখন সব ধরনের উসকানি ও অপপ্রচার থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরে যেতে হবে। কোনো অবস্থাতেই কারখানায় হামলা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। কারণ, এসব শিল্পকারখানাই শ্রমিকদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।
তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে পতিত আওয়ামী লীগের কিছু লোক শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা একই সঙ্গে জরুরি। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করতে হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকারসহ শতাধিক বাড়ির মালিক।
দৈনিক বিজয় নিউজ/ আল আমিন