নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাহিদ ইসলাম নামে এক যুবক আটক
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মোঃ নাহিদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে উপজেলার পাথরকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের ২৫৭/৪-আর পিলার থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরকাটা নামক স্থানে পাকা রাস্তার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ নাহিদ ইসলামকে আটক করা হয়। আটক নাহিদ ইসলাম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে। বিজিবি আরও জানায়, আটক যুবকের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার