কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন

কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান  মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

‎যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতা, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক। এ সময় তিনি পূজা মণ্ডপগুলোতে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন এবং নিজস্ব অর্থায়নে কয়েকটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। ‎মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) মাগরিবের নামাজের পর তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

‎মাহবুবুর রহমান মল্লিক সাবেক বৃহত্তর ৪ নম্বর বিদ্যানন্দকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ‎পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। ‎পরিদর্শনকালে মাহবুবুর রহমান মল্লিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ‎নিজস্ব অর্থায়নে পূজা মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান এবং পরিদর্শনের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ