মিরপুরে নারগীস চৌধুরী গাদন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিরপুরে নারগীস চৌধুরী গাদন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবিঃ সাব্বির

দৈনিক বিজয় নিউজ  বিশেষ প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ওয়াপদা মাঠে বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে নারগীস চৌধুরী গাদন টুর্নামেন্টের ফাইনাল খেলা। সিএনজি মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রহমত আলী রব্বান।খেলা দেখতে মাঠে উপস্থিত হন পৌরসভা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক দর্শক। আনন্দঘন পরিবেশে তাঁরা ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। স্থানীয় দর্শকেরা জানান, মো. রহমত আলী রব্বানের উদ্যোগ ও সহযোগিতায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা আবারও তাঁদের মাঝে ফিরে এসেছে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে মো. রহমত আলী রব্বান বলেন, “মিরপুরের তরুণ ও সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই আমার এই উদ্যোগ। আমি মিরপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুদ্ধার এবং এলাকায় এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আমি কাজ করে যাব।”স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

দৈনিক বিজয় নিউজ/ সাব্বির