নাশকতা ঠেকাতে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ নির্দেশনা দেন। ভিডিও বার্তায় জসিম উদ্দিন জসিম বলেন, আজ সংসদের অধিবেশন শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কুমিল্লা-৫ আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থানে থাকবেন। এটি আমাদের নির্দেশনা।
তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য আগামীকাল থেকে আমাদের মাঠে থাকতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে কুমিল্লা-৫ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে, দুই উপজেলার সর্বত্র আমাদের নেতাকর্মীরা সমবেত থাকবেন। এটি সব নেতাকর্মীর প্রতি আমার নির্দেশ। সংসদ সদস্যের এ ভিডিও বার্তার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নির্দেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মাঠপর্যায়ে নেতাকর্মীদের কী ধরনের কর্মসূচিতে অংশ নিতে হবে, সে বিষয়ে ভিডিও বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ