ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ও সাবেক যুবলীগ নেতা মোঃ ফরিদ খানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার তারুন্দিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ফরিদ খান ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া গ্রামের মোঃ আফাজ উদ্দিন খান ও মোছাঃ আছিয়া খানমের ছেলে। তিনি তারুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার রাতে তারুন্দিয়া এলাকা থেকে ফরিদ খানকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, ফরিদ খান ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়েরকৃত একটি মামলার (এফআইআর নং-০৭, তারিখ: ১২/০৮/২০২৬ খ্রিঃ; জিআর নং-১৫৫) এজাহারনামীয় ৪৯ নম্বর আসামি। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল