শিশুকে মারধর ও পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩ জন

শিশুকে মারধর ও পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩ জন
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া গ্রামের আট বছর বয়সী এক শিশুকে মারধর, জোর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গের সঙ্গে ইট বেঁধে মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (২৬ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন, ঠাকুরগাঁও শহ‌রের গোয়ালপাড়া এলাকার আশরাফ হোসেনের ছেলে রাকিব (১৫), জুয়েল রানার ছেলে ইয়াছিন আলী (১৪) ও একই এলাকার লিটন আলীর ছেলে রায়হান আলী (১২)। তবে তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় পুলিশ। এর আগে শ‌নিবার (২৫ মে) রা‌তে ভুক্ত‌ভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের নাম উল্লেখ ক‌রে ও অজ্ঞাতনামা আরও চার থে‌কে পাঁচজ‌নকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা গেছে, ওই শিশু পৌর শহরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত (১৯ মে) সে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল।

এসময় মামলার আসামি রাকিব ওই শিশুকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাঁকা একটি স্থানে নিয়ে অপর আসামিদের সঙ্গে শিশুটিকে উত্ত্যক্ত করতে থাকে। মারধর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেয়। একপর্যায়ে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে তারা শিশুটির প্যান্ট খুলে শিশুটির পুরুষাঙ্গের সঙ্গে ইট ঝুলিয়ে দেয়। এসময় তারা মোবাইল ফোনে বিষয়টির ভিডিও ধারণ করে। আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারলে গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে চলে যায়। পরে এ ঘটনাটি শিশুটি তার পরিবারকে জানালে বিষয়টি বিচার-মীমাংসার জন্য প্রস্তাব দেয়। পরবর্তীতে বৈঠকে আসা মানুষজনের উপরে চড়াও হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফি‌রোজ ওয়া‌হিদ জানান, মামলা হওয়ার পর তিন আসামিকে গ্রেফতারের পর রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন‌্যদেরও গ্রেফতারের চেষ্টা চল‌ছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম