কুমিল্লায় খাবারের হোটেলে মাদক বিক্রি' র‍্যাবের অভিযানে আটক ১২ জন

কুমিল্লায় খাবারের হোটেলে মাদক বিক্রি' র‍্যাবের অভিযানে আটক ১২ জন
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় খাবার হোটেলে মাদক বিক্রির অভিযোগে ১২ জনকে গ্রে*প্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার মহাসড়কের পার্শ্ববর্তী বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৭০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেল গুলোতে ট্রাকের ড্রাইভার ও হেল্পারদের নিকট মা*দক বিক্রয় করে আসছিল। কিছু হোটেলের মালিক/ম্যানেজারগণ খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে জানা যায়। মাদকসেবী ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্থ অবস্থায় রাতে গাড়ি চালানোর ফলে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ