নাইক্ষ্যংছড়ি'র বাইশারী সীমানা খাল ব্রিজের বেহাল দশা, বিপাকে জনসাধারণ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণে কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রাম সীমানা খালের উপরের সংযোগ ব্রিজের বেহাল দশা লক্ষ্য করা গেছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে শিক্ষার্থী ও জনসাধারণকে। ব্রিজ দিয়ে ছোট-মাঝারি যানবাহন চলাচল করতে না পারায় বিপাকে পড়েছেন অটোভ্যান, টমটম, অটোরিকশা, মোটরসাইকেল চালক এবং ব্যবসায়ীরা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গ্রামবাসীর অর্থায়নে বাস দিয়ে জোড়াতালি দিয়ে যাতায়াতের কোন রকম ব্যবস্থা করলেও কিছুদিন যেতে না যেতেই আগের অবস্থায় ঝুঁকিপূর্ণ পড়ে রয়েছে ব্রিজটি।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিনেও ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করায় ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে অনেক পথচারী দুর্ঘটনার শিকার হয়েছেন। জানা যায়, উপজেলা/ ইউনিয়ন সদরে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্রে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হয়েই তাদের যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। দুই ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় স্থানীয় কোন জনপ্রতিনিধিই ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেননি। তাই দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ বিষয়ে এলাকার সুশীল সমাজ পথচারী অসাধারণ জনগণ ও মাদ্রাসার শিক্ষকগণ বলেন, সীমান্তবর্তী হওয়ায় ব্রীজটি সংস্কারের উদ্যোগ কেউই নিচ্ছে না। যার ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে খুব কষ্ট হয়। জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজ পার হয়ে যার যার কর্মস্থানে আসতে যেতে হয়। দ্রুত একটা ব্রিজ নির্মাণ সময়ের দাবি। গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ব্রিজটির কাজ এলজিইডি থেকে পুনরায় করা না হলে পরিষদের বরাদ্দে যোগাযোগের উপযোগী করা সম্ভব নয়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি