শিবপুরে বিদ্যালয়ের খেলার মাঠে পশুর হাট, প্রধান শিক্ষক কিছুই জানেননা

শিবপুরে বিদ্যালয়ের খেলার মাঠে পশুর হাট, প্রধান শিক্ষক কিছুই জানেননা
ছবি: উআবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে বিদ্যালয়ের খেলার মাঠে ঈদ উল আযহা উপলক্ষে অস্থায়ী কোরবানির পশুরহাটের জন্য ইজারা দেওয়া হয়েছে। ইজারাদারও হাটের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নিয়ে শিক্ষক, ছাত্র ও ক্রীড়ামোদীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।ওই খেলার মাঠে ক্রীড়ামোদীরা প্রতিদিন সকাল বিকেল ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে থাকেন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল, কলেজের বাৎসরিক গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলা এ মাঠেই অনুষ্ঠিত হয়ে থাকে। পশুর হাটের কারণে মাঠে নিয়মিত খেলাধুলা ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধূলায় ক্রীড়ামোদীরা ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে শিবপুর উপজেলার ১৮ টি স্থানে ঈদ উল আযহা উপলক্ষে অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা প্রদানের জন্য শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ১৮ মে নোটিশ দেন। ইজারা নোটিশের ৫নং ক্রমিকের শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধানুয়াস্থ খেলার মাঠও রয়েছে।নোটিশে ১২০ জন দরপত্র সংগ্রহ করেন। এর মধ্যে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধানুয়া খেলার মাঠে পশুর হাট বসানোর জন্য ১৬ জন দরপত্র সংগ্রহ করেন। শেষ দিন ২২ মে ৮ জন দরপত্র জমা দেন। সর্বোচ্চ দরদাতা ফারুক খান ৫ লাখ ৬৫ হাজার টাকায় স্কুলের খেলার মাঠে পশুর হাট বসানোর জন্য ইজারা পান। ৩০ মে শুক্রবার, ৩ জুন মঙ্গলবার ও ৬ জুন শুক্রবার পশুর হাট বসানো হবে। ইজারার টাকা স্কুল ফান্ডে জমা না দিয়ে সরকারি কোষাগারে জমা করা হয় বলে জানা গেছে ।

স্কুল মাঠের নিয়মিত খেলোয়াড় ধানুয়া গ্রামের মোঃ সাব্বির হোসেন জানান, আমিসহ অনেকেই এই মাঠে প্রতিদিন ফুটবল খেলি। খেলাধুলা করার আর কোন মাঠ নেই। এই মাঠে গরুর হাট বসানো ঠিক হয়নি। এতে মাঠ ময়লায় নোংরা হবে এবং বাঁশের কঞ্চি থেকে যাবে। যাহা পরবর্তীতে দুর্ঘটনায় পড়বে। মাঠ সংলগ্ন সরকারি শহীদ আসাদ কলেজের শিক্ষার্থী মোঃ মাসুম মিয়া জানান, মাঠটি সরকারি পাইলট স্কুলের হলেও আমরা মাঠটিতে খেলাধুলা করি। যেহেতু মাঠটি আমাদের কলেজের সাথে।স্কুলের খেলার মাঠে পশুর হাট বসানো কোনভাবেই ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা খেলার মাঠে পশুর হাট চাইনা। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ গত বছর নিষেধ করলেও মাঠে পশুর হাট বসানো হয়। এ বছর কলেজের নতুন অধ্যক্ষকে ফোনে পাওয়া যায়নি।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর জানান বিদ্যালয়ের খেলার মাঠে পশুর হাট বসানো ও ইজারা দেওয়ার বিষয়ে আমি অবগত নই। এ ব্যাপারে আমি কিছুই জানিনা। শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার জানান, স্কুলের খেলার মাঠে পশুর হাট বসানো ঠিকনা। পূর্বেও হাট না বসানোর জন্য নিষেধ করেও সুফল পায়নি।শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালা মিয়া জানান, মাঠটি পরিত্যক্ত। এখানে পাইলট স্কুলের শিক্ষার্থীরা কোন সময় খেলতে আসেনি। তারা নিষেধ করেছে এমন শব্দ শুনিনি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, এখানে গত ১৫ বছর যাবত হাট বসানোর রেকর্ড আছে। খেলার মাঠটি বিদ্যালয় থেকেও দুরে অবস্থিত। হাটশেষে ইজারাদার মাঠটি যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করার শর্তে ইজারা দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন