শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলিবর্ষণের ভিডিও ভাইরাল, পুলিশ তল্লাশিতে নেমেছে

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলিবর্ষণের ভিডিও ভাইরাল, পুলিশ তল্লাশিতে নেমেছে
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে তেহিম মাতবর (১৮) নামে এক তরুণের গুলিবর্ষণের ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নেতা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা জানিয়েছেন। তবে তেহিমের ফেসবুক পেজে আপলোড করা গুলিবর্ষণের ভিডিও দুপুরের পর থেকে আর দেখা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তেহিমকে গ্রেফতার করতে একাধিক টিম মোতায়েন করা হয়েছে। তাকে আটক করার পর ভিডিওটির সত্যতা যাচাই করা হবে। তেহিম মাতবর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে। ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি পালিয়ে গেছেন। ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ছাদে কালো ফুলহাতা শার্ট পরা এক যুবক ডান হাতে পিস্তল তুলে আকাশের দিকে গুলি ছুড়ছে।  

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তেহিম একটি কিশোর গ্যাং পরিচালনা করে এবং জমি দখল, মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকায় গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন অঞ্চলের লোকজন বসবাস করলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে অভিযোগ তোলেন না। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তেহিম ও তার গ্যাংয়ের অত্যাচারের কথা প্রকাশ করতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা কলিম উদ্দীন মাতবর জানান, সামান্য বিষয় নিয়ে তেহিমের সঙ্গে তার বিবাদ হয়েছিল। পরে তেহিম তাকে মারধর করতে আসে এবং সহযোগীদের নিয়ে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয়। সালিশেও বিষয়টির কোনো সমাধান হয়নি। স্থানীয় ইউপি সদস্য গাজী ইসলামইল বলেন, "তেহিম মাতবর বিভিন্ন অপরাধে জড়িত এবং সে কাউকে মানে না। ভিডিওতে গুলি ছোড়া ব্যক্তি নিঃসন্দেহে তেহিমই। তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।" শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, "ঘটনাটি নজরে আসার পরই পুলিশের একাধিক সিভিল টিম পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকাতে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"  ভিডিও ভাইরাল হওয়ার পর তেহিমের পরিবারের সদস্যরাও বাড়ি তালা দিয়ে চলে গেছেন বলে জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন