সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচার, দিতে হবে অ্যাকাউন্টের তথ্য

সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচার, দিতে হবে অ্যাকাউন্টের তথ্য
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণবিধির খসড়া তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। রবিবার (২৯ জুন) প্রকাশিত এই খসড়া সম্পর্কে মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ১০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মতামত ই-মেইলের (opinion@ecs.gov.bd) মাধ্যমে ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠাতে হবে।

খসড়ায় ভোট প্রচারণায় প্রার্থীর পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড ব্যবহারের নিয়ম-কানুনও স্পষ্ট করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে, শর্তসাপেক্ষে। সামাজিক মাধ্যমে প্রচারে 'ঘৃণা' ছড়ানো বক্তব্য, মিথ্যা বা ভুল তথ্য এবং উসকানিমূলক ভাষা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা অন্য কেউ সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবেন, তবে প্রচারণা শুরুর আগেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে।

খসড়ার বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, 'সুচিন্তিত মতামত পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এরপর চূড়ান্ত আচরণবিধি গেজেট আকারে জারি করা হবে।' উল্লেখ্য, এই আচরণবিধি লঙ্ঘন করলে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিধি ভঙ্গ করলে, ডিজিটাল বা সাইবার সুরক্ষা আইনের আওতায় শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে।

গত ১৯ জুন নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভায় সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এই আচরণবিধির খসড়া অনুমোদন লাভ করে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ