বিএনপি নেতা মিন্টু হামলায় নিহত, দুজন আহত, দুই গ্রেপ্তার

বিএনপি নেতা মিন্টু হামলায় নিহত, দুজন আহত, দুই গ্রেপ্তার
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা মোহাম্মদ মিন্টু (২৫) নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৩ নম্বর ইউনিটের কোষাধ্যক্ষ ছিলেন।

 গতকাল সোমবার সকালে মিন্টুসহ তিনজনের ওপর চাপাতি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত মিন্টুকে চিকিৎসার জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি সেদিনই বাড়ি ফিরে গেলেও রাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মিন্টুর স্ত্রী টুলু আক্তার একটি মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে মো. জালাল ও নিলুফা আক্তার নামে দুজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, হামলায় মিন্টুর আঘাত প্রথমে তেমন গুরুতর মনে না হলেও পরবর্তীতে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

মামলার বর্ণনা অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর টাউন হলে বিএনপির একটি দলীয় কর্মসূচি শেষে মিন্টু মোটরসাইকেলে করে বাসার দিকে ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ দুই সহচর তুহিন জমাদার ও জহিরুল ইসলাম। তাঁদের সবার বাসা মোহাম্মদপুরের আজিজ মহল্লা ও তাজমহল রোড এলাকায়। তাজমহল রোডে পৌঁছে তারা সেখানে জটলা দেখতে পান। কী ঘটছে জানতে চাওয়ার সময় মিন্টু তার পরিচিত জালাল নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন। এ সময় জালালসহ কয়েকজন তাঁদের তিনজনের ওপর হামলা চালায়। তুহিনের পেটে ছুরিকাঘাত করা হয়। চাপাতির উল্টোপিঠ দিয়ে (বাটের দিক দিয়ে) মিন্টু ও জহিরুলকে আঘাত করা হয়। পুলিশের একটি সূত্রও মিন্টুর শরীরে চাপাতির উল্টোপিঠ দিয়ে আঘাতের বিষয়টি নিশ্চিত করে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ