ডাকাতি ও ককটেল সন্ত্রাস: গাংনীতে ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা লুট

ডাকাতি ও ককটেল সন্ত্রাস: গাংনীতে ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা লুট
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

মেহেরপুর, ০২ জুলাই ২০২৫ গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা আঞ্চলিক সড়কে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় একদল গরু ও সবজি ব্যবসায়ী মারধর ও লুণ্ঠনের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মুখোশধারী সাত-আট জন ডাকাত নির্জন সড়কে তাদের গতিরোধ করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা না দিতে চাইলে ব্যবসায়ীদের বেদম প্রহার করা হয়। আতঙ্ক ছড়াতে ডাকাতরা এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঝোপঝাড়ে ফেলে দেয়

প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম (ভ্যানচালক) জানান, ডাকাতরা তিনটি ককটেল নিক্ষেপ করে, যার দুটি বিস্ফোরিত হয়। একটি তার ভ্যানের সামনে পড়ে প্রাণহানির ঝুঁকি তৈরি করে ।

আক্রান্ত ব্যবসায়ী মকবুল হোসেন (গরুর মাংস বিক্রেতা) উল্লেখ করেন, "পোড়াপাড়া গ্রামের ইটপাড়া এলাকায় তারা আমাদের ঘিরে ধরে। মায়ের চিকিৎসার জন্য জমা রাখা ২২ হাজার টাকাও লুট করে নেয়"  ইমরান হোসেন (সবজি ব্যবসায়ী) যোগ করেন, ডাকাতরা ৫০০ টাকার কম অর্থও কেড়ে নেয় এবং দেরি করলে মারধর চালায় 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ঘটনাস্থলে পুলিশ অভিযান চালানো হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে" উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগে (২৬ জুন) একই উপজেলার ধানখোলা সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এর পুনরাবৃত্তিতে এলাকায় দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতা ছড়িয়েছে 

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ