টেকনাফে ১২ হাজার ইয়াবা, নগদ টাকা ও সিএনজিসহ গ্রেফতার ৩
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও একটি সিএনজি গাড়িসহ তিন মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। ২৮ জুলাই গভীর রাত থেকে সকাল পর্যন্ত টেকনাফ থানার বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় ১২ হাজার পিস ইয়াবা, ২৩ হাজার টাকার মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি সিএনজি জব্দ করে পুলিশ। অভিযানটি পরিচালনা করেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র ও এসআই (নিঃ) মিল্টন দে বিপিএম এবং তাদের সঙ্গীয় ফোর্স। অভিযানে ধৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে টেকনাফ মডেল থানায়। এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন স্যারের সার্বিক নির্দেশনায় আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক