শ্রীপুরে ফুটপাতের জায়গা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, দুইজন আটক
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুর, ৯ আগস্ট (শনিবার) গাজীপুরের শ্রীপুরে ফুটপাতে ঘুমানোর স্থান নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে রাকিব ও তার ভগ্নিপতি রবিনকে আটক করেছে। শনিবার ভোররাতে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জুয়েল মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফুটপাত নিয়ে জুয়েল ও রাকিবের মধ্যে তর্ক হয়। পরে হাতাহাতি হলে উভয়েই সরে গেলেও, রাত সাড়ে তিনটার দিকে আবারো তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় রাকিবের ভগ্নিপতি রবিন ঘটনাস্থলে এসে জুয়েলের বুকের বাঁ পাশে চাকু মারে। জুয়েলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে রাকিব ও রবিনকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ধস্তাধস্তির সময় রাকিবের হাতের চাকু জুয়েলের বুকে লাগে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। রবিনও ঘটনায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, "জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।" জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহতের পরিবার না পাওয়া গেলে তারা নিজেরাই মামলা দায়ের করবে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন