বগুড়ায় পিকেএসএফ পর্ষদ সদস্যের গাক কার্যক্রম পরিদর্শন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ ২০ আগস্ট বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গাক এর আওতাধীন আরএমটিপি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন।পরিদর্শনে তিনি ডেইরী ও পোল্ট্রি খাতের উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেন। বগুড়ার পিকেএসএফ প্রকল্পভুক্ত উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগের কার্যক্রম পরিদর্শনকালে তিনি উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন এবং তাদের উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। শফিকুল ইসলাম শাহেদ ‘রেশমা কৃষি উদ্যোগ কম্পোস্ট প্ল্যান্ট’-এর উদ্যোক্তা রেজাউল করিমের গরুর খামার, অটল ফুডের দই ও মিষ্টি কারখানা, ইয়ামিনের ‘হাসান এগ ওয়াশিং হাব’, আব্দুর রহমানের আইওটি ভিত্তিক মুরগির খামার এবং আফসানার ‘আচারি ফুড’ মাংসের আচার উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বলেন, “দেশের গ্রামীণ উন্নয়নে পিকেএসএফ ও গাক’র মতো উন্নয়ন সংস্থাগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের ইতিবাচক মনোভাব এবং সঠিক দিক নির্দেশনা পেলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবে। আমি আশা করি, এসব উদ্যোগ আগামীতে দেশের পল্লী উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে। শফিকুল ইসলাম শাহেদের সঙ্গে গাক’র সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, আরএমটিপি ডেইরী ও পোল্ট্রি সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি উদ্যোক্তাদের কর্মপরিধি প্রশংসা করে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর কৃষি ও পোল্ট্রি খাত গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন।পরিদর্শন শেষে উদ্যোক্তাদের মাঝে তার নির্দেশনা ও প্রশংসা নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগাবে বলে প্রত্যাশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এ সময় বিভিন্ন প্রকল্পভুক্ত উদ্যোক্তা সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান