খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে দিয়ে নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন

খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে দিয়ে নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

নুরুল হকের স্বাস্থ্য পরিস্থিতি জানতে গত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার এই তথ্য শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, খালেদা জিয়া নুরুল হকের জন্য গভীর উদ্বেগ ও মর্মাহত প্রকাশ করেছেন এবং এই হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়াও, নুরুল হকের জন্য প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ জানান। তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য তিনি প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে নুরুল হক আহত হন। দেশের দল, অন্তর্বর্তী সরকারসহ, এই ঘটনার নিন্দা প্রতিবাদ জানিয়েছে।

নুরুল হকের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নুরুল হকের মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে যাওয়ায় গত শুক্রবার তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, যা এখন বন্ধ হয়েছে। তার জ্ঞান ফিরে এলেও এখনও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, আরও ৩৬ ঘণ্টা তাকে পর্যবেক্ষণ রাখার পরই তার অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা করা সম্ভব হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ