বরিশাল বিশ্ববিদ্যালয়; ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় না বসলে দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি শিক্ষার্থীদের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যোগাযোগ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে আলোচনা না হলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন। ক্যাম্পাসের আয়তন বাড়ানো, অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ পরিবহনব্যবস্থা—এই তিন দফা দাবিতে ৩৪ দিন ধরে শিক্ষার্থীরা মানববন্ধন, গণস্বাক্ষর ও মহাসড়ক অবরোধের মতো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের অভিযোগ, এতদিনেও ইউজিসির কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ৯ মাসের বদলে তিন মাসের মধ্যে শেষ করে দ্রুত একনেকে উপস্থাপন ও অনুমোদন করতে হবে। পাশাপাশি তাদের তিন দফা দাবির ব্যাপারে ইউজিসিকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। জমি অধিগ্রহণের বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের আশপাশ দ্রুত বসতবাড়িতে পরিণত হচ্ছে। এখনই অন্তত ১৫০ একর জমি অধিগ্রহণের যৌক্তিক পরিকল্পনা গ্রহণ ও প্রজ্ঞাপন জারি করা জরুরি। নতুবা ভবিষ্যতে জমি অধিগ্রহণ আরও কঠিন হয়ে পড়বে।
পরিবহন সমস্যার সমাধানে তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন কেনা না পর্যন্ত বিআরটিসির বাস দিয়ে শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করতে হবে। এদিকে, ১৪ বছর আগে প্রতিষ্ঠিত হলেও এখনো পরিপূর্ণ রূপ পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ও প্রশাসনিক ভবন–সংকট প্রকট। ১০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চারটি আবাসিক হল, যাতে থাকতে পারেন মাত্র দেড় হাজার শিক্ষার্থী। শ্রেণিকক্ষও প্রয়োজনের তুলনায় অর্ধেক। মাত্র ৩৬টি কক্ষে ১০ হাজার শিক্ষার্থীর ক্লাস নেওয়া হয়। শ্রেণিকক্ষের অভাবে নিয়মিত ক্লাস বাতিল করতে হচ্ছে। এ ছাড়া শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারের সংকটও তীব্র। এতে সেশনজট বাড়ছে।
গত ২৮ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন এবং ইউজিসির সঙ্গে সরাসরি যোগাযোগ, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা ও আরও কয়েকটি বিআরটিসি বাস ভাড়ার উদ্যোগ নেওয়ার কথা বলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ