ঢাকায় পিকেএসএফ'র নবনির্মিত প্রধান কার্যালয় উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
গত সোমবার ১৪ সেপ্টেম্বর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নবনির্মিত প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ড. ইউনূস দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রথাগত ঋণের পরিবর্তে যৌথ বিনিয়োগ এর একটি নতুন মডেল প্রস্তাব করেন। তাঁর প্রস্তাবনা অনুযায়ী আগ্রহী ব্যক্তিরা কোনো ব্যবসায় অংশীদার হিসেবে বিনিয়োগ করবেন এবং ধীরে ধীরে সেই উদ্যোক্তাকে একক মালিকানায় পরিণত হতে সাহায়তা করবেন। এই পদ্ধতিতে কোনো সুদ থাকবে না। তিনি এটিকে উদ্যোক্তা তৈরির একটি টেকসই ও সুদমুক্ত কৌশল হিসেবে উল্লেখ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনূস আরও বলেন, বর্তমানে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা পুঁজির অভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না। আমাদের উচিত তাদের ঋণ দিয়ে ঋণের বোঝায় না ফেলে, বরং অংশীদার হিসেবে পাশে দাঁড়ানো। এই যৌথ বিনিয়োগের মাধ্যমে আমরা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং তাদের ব্যবসাকে আরও সফল করতে কৌশলগত পরামর্শও দেব। উদ্বোধন শেষে ড. ইউনূস স্বপ্রণোদিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত সারা দেশের বিভিন্ন বেসরকারি সংস্থাসহ টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ও অন্য এনজিও এর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি ফটোসেশনে অংশ নেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওগুলোর ভূমিকার প্রতি তাঁর সমর্থন ও শ্রদ্ধাবোধ এই ফটোসেশনের মাধ্যমে আরও একবার প্রতিফলিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পিকেএসএফ'র পরিচালনা পর্ষদের সদস্য, উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সহযোগী সংস্থার প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান