পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে আবেদন করেছেন এক পরিবার। তারা দেশের জনগণ, সরকার, প্রশাসন, সাংবাদিকদের নিকট নিরাপত্তা ও ন্যায় বিচার প্রার্থনা করেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পীরগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাহিমা বেগম (৪৮) ও নজরুল ইসলাম (৫৫) দম্পতি এক জরুরী সংবাদ সম্মেলন এর আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ফাহিমা বেগম বলেন, উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আহম্মদ আলী (মেম্বার)আমার আত্নীয়তার সুত্রধরে গত ২৬/০৬/২০১৬ খ্রিঃ জমি বন্ধক রাখার নিমিত্তে, তিন লাখ টাকা গ্রহণ করে এবং তার স্ত্রীর আত্নীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আমার ব্যবহৃত ২২ ক্যারেটের ১ ভরি স্বর্নের হার ও ৪ আনার একটি আংটি নিয়ে যায়।
যার বর্তমান মুল্য প্রায় আরাই লাখ টাকা। পরে জমি দখল না দিয়ে প্রতি মৌসুমে ফসলের মুল্য অনুযায়ী টাকা দেয়ার কথা থাকলেও সেটিও দেয়নি। এবং আমার ব্যবহৃত স্বর্ণও ফেরৎ দেয়নি। নজরুল ইসলাম বলেন, আমি মালেশিয়া ছিলাম গত ২০২১ সালে দেশে আসলে আমাকে কুমন্ত্রণা দিয়ে সাংসারিকভাবে অশান্তি সৃষ্টি করে আহম্মদ মেম্বার। পরে ২০২৪ সালের শুরুর দিকে আমাকে কাতারে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে, তিন দফায় ৫ লাখ টাকা নেন। একাধিকবার মেডিকেল ঢাকা যাতায়াত বিভিন্ন প্রশিক্ষণসহ আমার প্রায় ৬ লক্ষাধিক টাকা খরচ হয়। বিদেশ যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হলে তিনি আমাকে ভিসা দেন। পরে ভিসা যাচাই করে দেখি, আহম্মদ মেম্বারের দেয়া সেই ভিসা জাল/ ভুয়া পরে আর আমি কাতারে যাইতে পারিনি।
পরে স্থানীয়দের নিয়ে ভূয়া ভিসা দেয়ার কারণ জানতে চাইলে, বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন প্রতারক আহম্মদ মেম্বার। একপর্যায়ে অগ্রণী ব্যাংক নেকমামুদ হাট শাখার নীজ নামীয় ব্যাংক একাউন্ট নম্বর-08202863 এর 1222-1827552 নম্বর একটি চেক প্রদান করেন। চেকটি নগদায়নের জন্য ব্যাংকে গেলে ব্যালেন্স পর্যাপ্ত নেই মর্মে ব্যাংক কতৃপক্ষ চেকটি ডিজঅনার করেন। পরে আমরা চলতি বছরের ১৭ সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ প্রদান করলে, প্রতারক আহম্মদ মেম্বার বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, আমার সাথে বেশি বারাবাড়ি করলে দলীয় মামলায় ফেলে দিবো। তোরা জানিস না আমি চাইলে দিনকে রাত আর রাতকে দিন বানায় ফেলতে পারি। আমার নামে থানায় অভিযোগ দিয়েও কোন ফল পাবিনা। বিএনপির সভাপতি যতদিন থাকবো ততদিন তোমরা আমার কিছুই করতে পারবা না। উকিল নোটিশ ও থানার অভিযোগ প্রত্যাহার করা না হইলে তোদের স্বামী স্ত্রীর অবস্থা খারাপ হবে। এ বিষয়ে জানতে চাইলে তামুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহাম্মদ আলী(মেম্বার) বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। আমি ওদেরকে মানবতা দেখিয়েছি, এখন ওদের বিরুদ্ধে মামলা করবো। অভিযোগের বিষয় নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান