পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাঁচ দফা দাবি
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (২৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। উক্ত সময়ে বিভিন্ন স্লোগানে অংশ গ্রহণকারীরা তাদের পাঁচ দফা দাবি জানান। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহম্মেদ,জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাইন, উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, সেক্রেটারি মোস্তাফিজার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি.আর. পদ্ধতিতে নির্বাচন আয়োজন, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষাসহ অন্যান্য দাবি। তারা মনে করেন, এই দাবিগুলো বাস্তবায়ন করা হলে দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সহায়ক হবে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহম্মেদ সমাবেশে বলেন, “সমাজ ও রাষ্ট্র থেকে জুলুম-নির্যাতন দূর করতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা ছাড়া দেশের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।” একই সঙ্গে বক্তারা আরও বলেন, “নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে পি.আর. পদ্ধতি চালু করতে হবে। এ ছাড়া জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা যাবে না।” সমাবেশে উপস্থিত অন্য বক্তারাও বলেন, দেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সংস্কার অপরিহার্য। এজন্য পাঁচ দফা দাবি পূরণ করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সমাবেশ শেষে স্থানীয় নেতারা কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান