জুলাই-৬ হলের সমস্যা সমাধানে হল প্রভোস্টের পরিদর্শন ও মতবিনিময়
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ পর্যালোচনার লক্ষ্যে হল পরিদর্শনে যান প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে তিনি হলের প্রতিটি ফ্লোর ও ডাইনিং ঘুরে দেখেন। এ সময় হলের সকল কর্মকর্তা, কর্মচারীও উপস্থিত ছিলেন। প্রভোস্ট প্রতিটি ফ্লোরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ও সমস্যাগুলো নোট করে নেন। হল প্রভোস্টের পরিদর্শনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো: হাসিফুল ইসলাম বলেন, “প্রভোস্ট স্যার আজকে আমাদের রুমে এসে খোঁজ নিয়েছেন। আমরা স্যারকে আমাদের সমস্যাগুলোর কথা বললাম। স্যার আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যাগুলো সমাধান হবে।"
পরিদর্শন শেষে প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা যেন কোনো সমস্যায় না থাকে সেই চিন্তা থেকেই আমি আজকে প্রতিটি ফ্লোর পরিদর্শন করেছি এবং তাদের সমস্যাগুলো নোট করে নিয়েছি। শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নয়নের বিষয়ে মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের সাইকেল ও বাইক রাখার গ্যারেজ নির্মাণ ও খেলার মাঠ নির্মাণ করবো। শিক্ষার্থীরা যাতে শীত মৌসুমে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলতে পারে সে বিষয়ে কাজ করছি। আশা করছি এই মাসের আমরা কাজ শুরু করতে পারবো। আমরা ইতিমধ্যেই ডাইনিংয়ে একটি ফ্রিজ প্রদান করেছি এবং লাগলে আরেকটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওয়াই-ফাই সুবিধা দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।” এসময় তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়