পাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের বিদায় ও ২০২৪-২৫ সেশনের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সামনে আয়োজিত অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এছাড়া মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, সহকারী অধ্যাপক ড. মোছা. খাদিজাতুল কোবরা ও সহকারী অধ্যাপক মোসা. ফাতেমা বেগম সহ বিভাগের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, “বিদায় বলা কঠিন, তবে মনে রাখবে—তুমি শুধু নিজেকে নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়ও সঙ্গে নিচ্ছ। ভবিষ্যতে যখন ভালো চাকরিতে যোগ দেবে, গর্ব করে বলতে পারবে—‘আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম।’ তোমাদের সাফল্যই হবে আমাদের গর্ব ও নবীনদের অনুপ্রেরণা।” বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের অভিনন্দন—এটি জীবনের এক বড় অর্জন ও আনন্দের দিন। বিদায়ে দুঃখ নয়, হাসিমুখে এগিয়ে যাও। নবীনরা সৌভাগ্যবান, কারণ তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।” সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়