কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলায় জড়িত দুই স্বেচ্ছাসেবক দল নেতা স্থায়ীভাবে বহিষ্কার

কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলায় জড়িত দুই স্বেচ্ছাসেবক দল নেতা স্থায়ীভাবে বহিষ্কার
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেস্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি এস. এম. জহিরুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকাল-এর প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, তিন সাংবাদিক বনাঞ্চলে গজারি গাছ কাটা ও লুটপাটের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় হামলার নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। হামলায় সরাসরি অংশ নেন রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং তাদের সহযোগী আবুল কাশেম ওরফে গজারী কাশেম। ঘটনার পর স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কাপাসিয়া থানা পুলিশ আবুল কাশেম, মামুন ও আলামিনকে গ্রেপ্তার করে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্তে সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতা-কর্মী যেন যোগাযোগ না রাখেন, সে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন। তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল সর্বদা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের ওপর হামলার মতো নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই সংগঠনে স্থান নেই।” এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন