দিনাজপুরের খানসামা উপজেলায় চেতনানাশক ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

দিনাজপুরের খানসামা উপজেলায় চেতনানাশক ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাট এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী বিশ্বজিৎ সেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যান। ঘুমানোর কিছুক্ষণ পরই অজ্ঞাত চোরচক্র বাড়ির বিভিন্ন স্থানে চেতনানাশক ছিটিয়ে সবাইকে অচেতন করে ফেলে। পরে তাদের ঘরের ট্রাংক, মানিব্যাগ, শার্টের পকেট ও লকার ভেঙে প্রায় ৮০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অচেতন অবস্থা থেকে সকাল বেলা পরিবারের সদস্যরা জ্ঞান ফিরে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরিবারের দাবি—ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হোক। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান